কালিয়াকৈরে বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ১০ জন আহত হয়েছেন। রাজনৈতিক বিরোধ ও কমিটি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র হয়েছে। আহতদের মধ্যে নেতাকর্মী রয়েছে, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির ঘিরে দলটির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) দুপুরে সাহেব বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটে, যার ফলে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বিএনপির অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, শনিবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১ নম্বর আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত অনুমোদনপত্রে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
তবে ঘোষিত কমিটিকে কালিয়াকৈর উপজেলা বিএনপির একাংশ মানতে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদে রোববার দুপুরে ওই নেতাকর্মীরা সাহেব বাজারে বিক্ষোভ মিছিল করে কমিটি বাতিলের দাবি তুলেন।
অপরদিকে, একই দিনে নবগঠিত কমিটিকে সমর্থন জানিয়ে অন্য একটি গোষ্ঠী বিজয় মিছিল করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা চালায়। তবে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
