১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা ফল পুনর্বিবেচনার দাবি করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন জানানো হয়েছে। প্রার্থীরা দাবি করছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে মৌখিক পরীক্ষার ফল পুনঃমূল্যায়ন জরুরি।
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ২০২৩ সালের মৌখিক পরীক্ষার ফলাফল নিয়ে বঞ্চিত প্রার্থীরা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। রোববার (১৫ জুন) সকালে তারা রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সামনে অবস্থিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে বিক্ষোভ করেন।
প্রার্থীরা অভিযোগ করেন, প্রায় ২৩ হাজার ভাইভা থেকে বঞ্চিত পরীক্ষার্থী অন্যায় ও বৈষম্যের শিকার হয়েছেন। অনেকেই সকল প্রশ্নের সঠিক উত্তর দিলেও ফেল করেছেন। তারা এনটিআরসিএকে গত ফ্যাসিস্ট সরকারের অনুগত সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন।
তারা আরও জানান, বর্তমান সরকারের প্রতি চাপ সৃষ্টির উদ্দেশ্যে এই ফলাফল তৈরী করা হয়েছে। ফলাফলকে তারা বৈষম্যমূলক উল্লেখ করে বাতিল করে পুনর্বিবেচনার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ জুন এনটিআরসিএ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করে। মোট ৮১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৬০ হাজার ৫২১ জন সফল হন।
