সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বিসিবির দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে অবদান রাখতে চান তিনি। আমিনুলের এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট মহলে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব পেতে পারেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল—এমন গুঞ্জন সম্প্রতি ক্রীড়ামহলে ছড়িয়ে পড়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি তিনি, তবে বিসিবিতে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আমিনুল।
সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় একান্ত বৈঠক করেছেন বর্তমান বিসিবি প্রধান ফারুক আহমেদ। সূত্র বলছে, তিনি পদত্যাগের বিষয়টি নিয়ে ভাবছেন এবং সিদ্ধান্ত নিতে দুই-একদিন সময় চেয়েছেন।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “আমি এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। গতকালের বৈঠকে আমি ছিলাম না। তবে ১০-১৫ দিন আগে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তারা আমাকে ক্রিকেটে একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো দায়িত্ব দিতে চায়, আমি তাতে আগ্রহী।”
একই সঙ্গে গুজব ছিল, তাকে বিসিবির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেটিকে পুরোপুরি অস্বীকার করে আমিনুল বলেন, “এই খবরটি সত্য নয়। এ নিয়ে কোনো আলোচনাই হয়নি—অর্থনৈতিক কোনো বিষয় তো আরও নয়।
এদিকে বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানিয়েছেন, তাকে পদত্যাগ করতে বলা হয়নি। বরং দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। তার ভাষায়, “পদত্যাগের জন্য কেউ বলেনি। বরং চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কে কী লিখছে, লিখুক।”
