বাংলাদেশে অস্ট্রেলিয়ান ভিসা কার্যক্রম চালু,

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই পদক্ষেপ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, ব্যবসা ও ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য এটি বড় সুযোগ ও স্বস্তির বার্তা বহন করছে।


ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত এক কোটি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, চলমান সংস্কার কার্যক্রম, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা জানান, আগামী জুলাই অভ্যুত্থান দিবসে ‘জুলাই চার্টার’ প্রকাশ করা হবে। এতে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া নাগরিকদের একটি স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার নিশ্চয়তা থাকবে।

অস্ট্রেলীয় হাইকমিশনার জানান, ইউএনডিপির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে তার দেশ। একইসঙ্গে, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।


Exit mobile version