দীর্ঘ দুই বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিকতার খরা কাটিয়ে এই ইনিংস ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে। শান্তর শতরান শুধু দলের মনোবল বাড়ায়নি, বরং তার আত্মবিশ্বাসেও নতুন জোয়ার এনেছে। এই ইনিংস হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
গল টেস্টে অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চাপের মুখে দৃঢ়তায় ভর করে বাঁহাতি এই ব্যাটার ২০২ বলে পূর্ণ করেন তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। প্রায় দুই বছর পর সেঞ্চুরির স্বাদ পেলেন শান্ত, যিনি সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে।
টেস্টের প্রথম দিন শুরুটা ভালো হয়নি সফরকারী দলের। মাত্র ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। কিন্তু শান্ত ও মুশফিকুর রহিম দুর্দান্ত জুটি গড়ে তুলে ধরেন প্রতিরোধের ব্যাট।
মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার বিজয়। এরপর মুমিনুল ও সাদমান কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিদূর টিকতে পারেননি। মুমিনুল করেন ২৯ এবং সাদমান ১৪ রান।
এরপর শান্ত ও মুশফিক দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। শান্ত ১১টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়ে ২০২ বলে তুলে নেন শতক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭৫ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ২৩৯ রান।
