২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের কেন্দ্র প্রবেশের আগে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোভিড-পরবর্তী সচেতনতা ও নিরাপত্তা বিধান নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্তৃপক্ষ।
দেশজুড়ে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কেন্দ্রগুলোতে কড়া স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ১৬ জুন এক জরুরি নির্দেশনায় বলেন— পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়া, কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের ভেতর ও চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং মশা নিধনে পরীক্ষার আগে স্প্রে করতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে।
পরীক্ষা কক্ষে আসন বিন্যাসে নির্ধারিত নিয়ম অনুসরণ, কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখা ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া, জনসমাগম নিয়ন্ত্রণে অভিভাবকদের ভিড় এড়াতে প্রচার চালাতে বলা হয়েছে। পরীক্ষার সময় কেবল অনুমোদিত মডেলের ক্যালকুলেটর ব্যবহারের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৬ জুন থেকে শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।
