ঈদ আয়োজনে তৌসিফের দুটি নতুন নাটক

আসন্ন ঈদে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে দেখা যাবে দুটি নতুন নাটকে। দুই ভিন্নধর্মী গল্পে তাঁর অভিনয় দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে। ঈদ উপলক্ষে চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত হবে এই নাটকগুলো। তৌসিফ ভক্তদের জন্য এটি হতে পারে বিশেষ উপহার, যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে।


এই ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘চুপকথা’, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী নাজনীন নিহাকে। নাটকটির গল্প লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী, আর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা উজ্জ্বল নিজেই। সিনেমাটোগ্রাফি করেছেন হৃদয় সরকার।

নাটকটি শুধু একটি প্রেমকাহিনি নয়—বরং এটি প্রেম, প্রকৃতি ও সমাজব্যবস্থার সংমিশ্রণে নির্মিত একটি ভিন্নধর্মী গল্প। নির্মাতা উজ্জ্বল জানান, “গল্পটা প্রেমের হলেও এর মধ্যে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রতিটি নির্মাণেই আমি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার চেষ্টা করি। এবারও ব্যতিক্রম হয়নি। এত বড় পরিসরে কাজ করেছি, মনে হচ্ছে নাটক নয়, যেন একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানিয়েছি।

নাটকটির শুটিং হয়েছে শ্রীমঙ্গল, জাফলং, গাজীপুর এবং ঢাকা জুড়ে—একটি বড় পরিসরে আয়োজন করে। শুটিং শেষ হয়েছে ২৭ মে।

সিএমভি শুধু ‘চুপকথা’ নয়, এই ঈদে উপহার দিচ্ছে আরও প্রায় এক ডজন বিশেষ নাটক, যা চাঁদরাত থেকে পর্যায়ক্রমে প্রকাশ পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এর মধ্যে একটি হলো ‘মন মঞ্জিল’, যা পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি

‘মন মঞ্জিল’ নাটকে দেখা যাবে এক অনাথ ছেলে সূর্যর গল্প, যিনি বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছায়ায় বেড়ে ওঠে। একদিন গুরুতর আহত হয়ে হাসপাতালে গেলে পরিচয় হয় তারা নামের এক মেয়ের সঙ্গে, যিনি সাংবাদিক এবং নার্স। তারা সূর্যের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে।

এই নাটকে সূর্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তারা চরিত্রে রয়েছেন তটিনী। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী ও ইমেল হক প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version