মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবার নিরাপত্তাজনিত কারণে একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় নেওয়া হয়েছে এই সতর্ক পদক্ষেপ। ইরান-ইসরায়েল টানাপোড়েনে ঘটনাটি আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির গুরুতর অবনতি নির্দেশ করছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে স্বপরিবারে রাজধানী তেহরানের উত্তরাঞ্চলের একটি নিরাপদ ও সুরক্ষিত ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থান করছেন। দেশটির বিরোধীঘেঁষা সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ একাধিক গোপন সূত্রের বরাতে জানিয়েছে, সম্প্রতি ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ শুরু হওয়ার পরই খামেনিকে ছেলে মোজতাবা এবং পরিবারের সদস্যদের নিয়ে সরিয়ে নেওয়া হয় অজ্ঞাত ওই বাঙ্কারে।
তবে খামেনির অপর দুই সন্তান মাসুদ ও মোস্তফার অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র মতে, এর আগেও ২০২৩ সালে ইসরায়েলের অভিযানের সময় একই ধরনের সতর্কতায় বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন তিনি। দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যে খামেনির নিরাপত্তা ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।



