ইরান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া

ইরানে চলমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, প্রয়োজন হলে তারা মধ্যস্থতার দায়িত্ব নিতে প্রস্তুত। রাশিয়ার এই অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে আন্তর্জাতিক মহলে আলোচনার আহ্বান জানানো হয়েছে মস্কোর পক্ষ থেকে।


ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের চলমান হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। মঙ্গলবার (১৭ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানায় মস্কো। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

বিবৃতিতে রাশিয়া জানায়, ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সেটির ওপর বারবার হামলা চালানো আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই হামলা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে ফেলছে।

মস্কোর দাবি, কিছু পশ্চিমা দেশ এই উত্তেজনাকর পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে। রাশিয়ার মতে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো বিরোধের সমাধান হওয়া উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার ক্রেমলিন জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী ভূমিকা নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *