ইরান-রাশিয়া সম্পর্ক জোরদারে পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন ইরানি মন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে অংশ নিতে রাশিয়া যাচ্ছেন। তিনি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারমাণবিক ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ সফর মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া অঞ্চলের কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করতে আজ রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে। মস্কো সফর শুরু হলেও বৈঠকটি অনুষ্ঠিত হবে সোমবার (২৩ জুন)।

ইস্তাম্বুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, “রাশিয়া আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও কৌশলগত মিত্র। আমরা পরস্পরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করি এবং একে অপরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সমন্বয় করি।” তিনি জানান, রাশিয়া জেসিপিওএ চুক্তির স্বাক্ষরকারী দেশগুলোর একটি।

তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দুই দেশ মিলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করবে এবং সমন্বিতভাবে কাজ করবে।

এর আগে, মার্কিন বোমারু বিমানে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেন, “এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির চরম লঙ্ঘন।

আরাঘচি আরও সতর্ক করেন, যুক্তরাষ্ট্রকে এই ‘চিরস্থায়ী পরিণতি’র দায় বহন করতে হবে। তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণ রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। ঘটনার জবাবে, ইরান বেন গুরিয়ন বিমানবন্দরসহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালায়।


One thought on “ইরান-রাশিয়া সম্পর্ক জোরদারে পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন ইরানি মন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *