মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে, ইরান এবার ইসরায়েলের দিকে ছুড়েছে অতিরিক্ত ৩০টি ক্ষেপণাস্ত্র। এই আক্রমণকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আংশিকভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করলেও ক্ষয়ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক উদ্বেগ আরও জোরদার হয়েছে এই ঘটনার পর।
সর্বশেষ সকালের অভিযানে ইরান ইসরায়েলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় বিবিসি।
আইডিএফ-এর একজন মুখপাত্র জানিয়েছেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হেনেছে।
সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ক্রমেই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানে প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ জনের বেশি মানুষ।



