ইসরায়েলের হাইফা বিদ্যুৎকেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আহত হয়েছেন দুইজন। এই আক্রমণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল সরকার হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। এ ঘটনায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং কৌশলগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার ইরানের নতুন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় দুটি বিস্ফোরণ ঘটে। এতে দুজন আহত হয়েছেন এবং তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’, যা উদ্ধৃত করেছে আল জাজিরা।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, হাইফা বন্দরের নিকটে একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংস্থাটি দাবি করে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ও ইসরায়েলি প্রতিরোধের ভিডিও পর্যবেক্ষণ করেছে। আগে ঐ এলাকায় দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে।
এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জোর দিয়ে বলেন—“ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়।” টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপের সময় তিনি এ মত জানান।
উরসুলা আরও বলেন, “বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ।” তবে, আলোচনায় তিনি সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানাননি।



