‘টুয়েলভথ ফেল’ সিনেমার অভিনেতা বিক্রান্ত মাসে বিমান দুর্ঘটনায় হারিয়েছেন এক ঘনিষ্ঠ আত্মীয়কে। দুর্ঘটনাটি অভিনেতার পরিবারে শোকের ছায়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়ে তিনি জানান, এই ক্ষতি কখনো পূরণ হবে না। বলিউড অঙ্গন থেকেও তার প্রতি সহানুভূতি প্রকাশ করা হচ্ছে।
আহমেদাবাদের ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতবাক পুরো ভারত। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটে থাকা ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন প্রাণে বেঁচে গেছেন, বাকিরা সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার হন শুধু বিমানের যাত্রীরা নয়, স্থানীয় বাসিন্দারাও। কয়েক সেকেন্ডেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে ছারখার হয়ে যায় শতাধিক মানুষ।
এই দুর্ঘটনায় বলিউড অভিনেতা বিক্রান্ত মাসের পরিবারও শোকগ্রস্ত। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানায়, দুর্ঘটনার দিন রাতেই বিক্রান্ত তার স্বজন হারানোর খবর শেয়ার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, “আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সবাইকে শ্রদ্ধা জানাই। এই ট্র্যাজেডিতে আমার চাচা ক্লিফোর্ড কুন্দের তার ছেলে ক্লাইভ কুন্দেরকে হারিয়েছেন, যিনি ওই বিমানের সহকারী পাইলট ছিলেন। ব্যক্তিগতভাবেও এটি আমার কাছে অপূরণীয় ক্ষতি।
বিক্রান্তের এই শোকবার্তা ছড়িয়ে পড়লে অনলাইন দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। অনেকেই ভাবেন, পাইলট ক্লাইভ হয়তো বিক্রান্তের তুতো ভাই। তবে শুক্রবার (১৩ জুন) সকালে নিজেই সব বিভ্রান্তি দূর করেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত এই অভিনেতা।



