বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সংলাপে উঠে এসেছে জাতীয় নির্বাচন, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মতামত ও প্রস্তাব। ঐক্যমতের ভিত্তিতে আগামীর দিকনির্দেশনা তৈরির লক্ষ্যেই এই বৈঠক বলে জানানো হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন বৈঠকের পূর্ণ প্রতিবেদন।


রাষ্ট্রের নীতিগত সংস্কার ও নতুন কাঠামো প্রণয়নের লক্ষ্যে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ সোমবার (২ জুন) বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই সংলাপের নেতৃত্ব দেন। সংলাপটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে।

এই দফায় বিএনপি, জামায়াতে ইসলামি, গণসংহতি আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ অন্তত ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধাপে ধাপে বিষয়ভিত্তিক আলোচনায় যাওয়া হবে, যা ঈদুল আজহার আগে ও পরে ধারাবাহিকভাবে চলবে।

সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন পদ্ধতি, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে গঠিত সংস্কার কমিশনগুলো গত ফেব্রুয়ারিতে ১৬৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করে। এসব প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য পাঠানো হয় এবং প্রথম ধাপের আলোচনায় ৩৩টি দলের সঙ্গে বৈঠক করে কমিশন।

তবে এখনো কিছু মৌলিক সাংবিধানিক বিষয়ে ঐকমত্য আসেনি। এসব বিষয়ের মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, প্রধান উপদেষ্টার নিয়োগ, মেয়াদ নির্ধারণ, সংসদ সদস্যদের পদধারণের সংখ্যা, প্রধানমন্ত্রী নির্বাচনের সীমা, সংবিধান সংশোধনের পদ্ধতি এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের রূপরেখা। তবে কমিশন বলছে, অধিকাংশ দল আলোচনার জন্য উন্মুক্ত ও নমনীয় রয়েছে।

জুলাই মাসে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে একটি ‘জুলাই সনদ’ প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *