বৈরী আবহাওয়ায় বরিশালের সব লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় রেখে নৌ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ঝড়ো হাওয়া ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু হতে পারে বলে জানানো হয়েছে।


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বরিশালে টানা বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বিরাজ করছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মোহাম্মদ সেলিম রেজা। তিনি জানান, ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ হবে কিনা, তা পরবর্তীতে আবহাওয়ার অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে, যার প্রভাবে বুধবার রাত থেকে বরিশালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। দমকা হাওয়ার গতিবেগ ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। বরিশাল আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টিতে শহরের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলা এবং লক্ষ্মীপুরের মতো জেলার যাত্রীরাও লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন।

এদিকে, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, বিভাগের ১২টি গুরুত্বপূর্ণ নদীপয়েন্টের মধ্যে ৬টিতে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।

তবে পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, বরিশালের নদীগুলোর পানি এখনো বিপদসীমার ৫৯ সেন্টিমিটার নিচে রয়েছে। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *