মেজর সিনহা হত্যা মামলায় আদালত ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। আলোচিত এই মামলার রায়ে আদালতের দৃঢ় অবস্থান ন্যায়বিচারের প্রতি আস্থা বাড়িয়েছে। পরিবার ও জনমনে স্বস্তি ফিরলেও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনার ঝড়। বিস্তারিত জানতে পড়ুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদন।
সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রধান দুই অভিযুক্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় হাইকোর্ট বহাল রেখেছে। পাশাপাশি মামলার বাকি ছয় আসামির যাবজ্জীবন সাজাও বহাল রয়েছে। হাইকোর্ট একইসঙ্গে প্রতিটি আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও বহাল রাখেন।
সোমবার (২ জুন) বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা দিপ্তী, জসিম সরকার, ব্যারিস্টার সুমাইয়া আজিজ এবং সহকারী অ্যাটর্নি লাবনী আক্তার।
অন্যদিকে, আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম এবং দুলাল মল্লিক।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান। এই বহুল আলোচিত মামলার রায় প্রথমে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ঘোষণা করে, যেখানে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিপক্ষ, অপরদিকে রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন করে হাইকোর্টে। দীর্ঘ শুনানি শেষে উচ্চ আদালত আজ রায় বহাল রাখে।



