খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপ্তির পর আয়োজিত হয় বর্ণিল কুচকাওয়াজ। অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত তুলে ধরা হয়। সমাপনী আয়োজনকে কেন্দ্র করে উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নিরাপত্তা ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে নতুন যাত্রা শুরু করেন তারা।
খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে ১১তম ব্যাচের নবীন কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মধুপুরের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম আওলাদ হোসেন।
চার মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে চারটি কনটিনজেন্টের মোট ১৭০ জন কনস্টেবল শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুলিশ বাহিনীতে যোগ দেন।
প্রধান অতিথি নবীন সদস্যদের উদ্দেশে বলেন, ভয়, লোভ ও দুর্নীতির প্রলোভন উপেক্ষা করে সৎ ও সাহসিকতার সঙ্গে দেশের সেবা করতে হবে। ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে পুলিশ সদস্যদের সবসময় সচেতন থাকার নির্দেশও দেন তিনি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি এপিবিএন ও ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি পরিতোষ ঘোষসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।



