বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে চিলমারীতে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়।
চিলমারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, কর বৃদ্ধির দাবি জানালেন বক্তারা
কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে। শনিবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি চিলমারী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক।
আলোচনায় অংশ নেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রহমান, এবং একাধিক স্থানীয় সাংবাদিক ও সংগঠক।
বক্তারা বলেন, তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই অভ্যাস শুধু স্বাস্থ্যের ক্ষতি করে না, অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। তামাকের দাম এবং কর বৃদ্ধি করে এটিকে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে নিতে হবে, এটিই সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ কৌশল।
তারা আরও বলেন, ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ইত্যাদি বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। শিশুদের সুরক্ষা ও ভবিষ্যৎকে নিরাপদ রাখতে তামাক কোম্পানির প্রভাব প্রতিহত করা জরুরি। তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



