নিহারার অভিনীত দুটি নাটক একসাথে জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। তার অভিনয়, গল্প এবং নির্মাণশৈলীতে মুগ্ধ দর্শকরা। সামাজিক মাধ্যমে নাটক দুটি ঘিরে চলছে আলোচনার ঝড়, যা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সাহায্য করছে।
তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা অল্প সময়ের মধ্যেই টেলিভিশন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অভিনীত নাটকগুলো ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘আশিকি’ নাটকটি ঈদের পরদিনই (৮ জুন) সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এবং মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষস্থানে উঠে আসে। এ পর্যন্ত নাটকটির ভিউ ছাড়িয়েছে এক কোটি। এতে নিহার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
ইমরোশ শাওনের পরিচালনায় তৈরি ‘আশিকি’-র পাশাপাশি ঈদে আরও দুটি নাটক—‘কোটি টাকার চেয়ারম্যান’ (নিলয়-হিমি) ও ‘ক্ষতিপূরণ’ (ইয়াশ-মালাইকা)—ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয়।
এদিকে, নিহার আরেকটি নাটক ‘ঘ্রাণ’ মুক্তি পায় ১০ জুন ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। মাত্র দুই দিনেই নাটকটি তিন মিলিয়নের মতো ভিউ অর্জন করে। ঈদের নাটকগুলোর মধ্যে এটি অবস্থান করছে চতুর্থে, আর সার্বিক ইউটিউব কনটেন্টে এটি রয়েছে ট্রেন্ডিংয়ের ৮ নম্বরে।
মাশরিকুল আলম পরিচালিত ‘ঘ্রাণ’ নাটকে নিহার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
নাটক নিয়ে দর্শকের ভালোবাসা প্রসঙ্গে নিহা বলেন, “আমি খুব কম কাজ করি, কিন্তু দর্শক যে এতটা সাড়া দিয়েছেন, তা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বিশেষ করে ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’-এর জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”



