বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর খবর বলিউড অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। ব্যক্তিগত জীবনে এক সময় আলোচনার কেন্দ্রে থাকা এই দম্পতির বিচ্ছেদের পরও সঞ্জয়ের মৃত্যু কারিশমা ও তাঁর পরিবারকে ভীষণভাবে নাড়া দিয়েছে বলে জানা গেছে।
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুর আর নেই। বৃহস্পতিবার (১২ জুন) যুক্তরাজ্যে পলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া ট্যুডে’ জানিয়েছে, লন্ডনের গার্ডস পলো ক্লাবে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্মের পর কারিশমা মুম্বাইয়ে ফিরে আসেন। ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালের জুন মাসে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।



